গোরাদের গোরস্থানের নিকট অবস্থান
ফিরিঙ্গি দেবালয়ে সন্ত যোহান।
থমাস-নাম অংকিত, চতুষ্কোণে বাঁধা
ইষ্টিনামে পত্র আছে, সাঙ্গ হল ধাঁধা।
এই ধাঁধা রহস্য সমাধান নিয়েই সিনেমা। ফেলুদার কথা মনে পড়ছে তো? মনে পড়ারই কথা। ফেলুদাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েই যত কাণ্ড কলকাতাতেই বানিয়েছেন অনীক দত্ত; যেখানে সিনেমার অন্যতম প্রধান চরিত্রের নাম আবার তোপসে!গল্পের প্রধান চরিত্র সাবা (কাজী নওশাবা আহমেদ)। ঢাকার এই তরুণী নিজের শিকড় খুঁজতে হাজির হন কলকাতায়। পেয়ে যান বহু আগে তাঁর পূর্বপুরুষের রেখে যাওয়া এক খাম। যেখানে আছে দুর্বোধ্য এক ধাঁধা। এই রহস্য-জট সমাধানে পাশে পান তোপসেকে (আবীর চট্টোপাধ্যায়)। কলকাতার অলিগলি হয়ে দার্জিলিং পর্যন্ত চলে খোঁজাখুঁজি। বুদ্ধিদীপ্ত রহস্য, নস্টালজিয়ায় ভরা ফ্ল্যাশব্যাক আর আধুনিক সময়ের নানা মোচড়ে নির্মিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ শুধু একটি হুডানিটই নয়; বরং শহর কলকাতাকে উদ্যাপনের এক চেষ্টা, যেখানে শহর নিজেই হয়ে ওঠে জীবন্ত এক চরিত্র।

